মোঃ সাজ্জাদ হোসেন, মেহেরপুর
তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে অর্থায়নের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ। মেহেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ (UDYOG)’ বিষয়ক প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ে কার্যরত সকল ব্যাংকের অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মো: তৌহিদুল আলম, ডিজিএম (ইনচার্জ), সোনালী ব্যাংক পিএলসি, মেহেরপুর। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের যুগ্ম পরিচালক আশেক বিল্লাহ এবং মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, মেহেরপুর শাখার ম্যানেজার মো: আহসানুল আজিজ খান। কর্মসূচিতে মেহেরপুরের লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে ডাচ্-বাংলা ব্যাংক মেহেরপুর। কর্মশালায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হচ্ছে।

