মোঃ সাজ্জাদ হোসেন, মেহেরপুর মেহেরপুরের সিটি মডেল স্কুলে শিক্ষার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সিটি মডেল স্কুল প্রাঙ্গণে এ আলোচনা করা হয়। অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন ডাচ্-বাংলা ব্যাংকের সিনিয়র এরিয়া ম্যানেজার (এবি), মেহেরপুর রকেট অ্যান্ড এজেন্ট ব্যাংকিং মোঃ আশরাফুল ইসলাম। আলোচনায় শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি। এ অ্যাকাউন্টে টাকা জমা ও উত্তোলনের জন্য কোনো খরচ লাগে না বলেও অনুষ্ঠানে জানানো হয়। পাশাপাশি ১৮ বছর বয়স পর্যন্ত ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ব্যাংকিং সুবিধা বিনামূল্যে পাওয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয়।
ছুটির দিনেও টাকা জমা ও উত্তোলনের সুবিধার কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করার ক্ষেত্রে স্কুল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সঞ্চয়, অর্থ ব্যবস্থাপনা ও ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের সুযোগ পাবে। স্কুল ব্যাংকিং এ্যাকউন্টে রেমিট্যান্স আসে এবং এই এ্যাকউন্টে চাইলে গ্রাহক ডেবিট কার্ড নিতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মডেল স্কুলের পরিচালক সৈয়দ মুনজুরুল হাসান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার সুবিধার্থে এজেন্ট জে.এস. এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানানো হয়।

