মেহেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ এবং পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, মেহেরপুর বন কর্মকর্তা এইচ টি হামিম এবং ভাটা মালিক মশিউর রহমান, সেলিম রেজা, এনামুল হক প্রমুখ। সভায় জেলার অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ সুরক্ষায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ইটভাটায় কাঠ পোড়ানোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রচলিত আইন মেনে ইটভাটা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সভায় মেহেরপুর জেলার বিভিন্ন ইটভাটার মালিকরা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিগত ১৮ জুলাই ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক ফলোআপ সভার সিদ্ধান্ত। খাল খননের মাটি ইজারা প্রদানপূর্বক ইটভাটায় ব্যবহার করা যায় কি-না তা প্রাথমিকভাবে ৫-৬টি জেলা বাছাইপূর্বক বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। সরকারি নির্মাণ কাজ ধীরে ধীরে ব্লক ইট দিয়ে শতভাগ করতে হবে। রাজ মিস্ত্রিদের ব্লক ইট দিয়ে বাড়ি নির্মাণে প্রশিক্ষণ দিতে হবে।

