র্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় মেহেরপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচির শুরুতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর এবং মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস ড. মো. তারিক আজিজ। আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান সব পর্যায়েই সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরি এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। পরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশার সম্ভাব্য প্রজননস্থল ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

